আইপিএল ২০২৫-এ প্রযুক্তির আরও এক যুগান্তকারী ব্যবহার হতে চলেছে। এবার থেকে অফসাইড ও মাথার ওপরে যাওয়া ওয়াইড বলের সিদ্ধান্ত নেবে হক-আই প্রযুক্তি। গত মৌসুমে কোমরের ওপরে নো-বল নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তি এবার ওয়াইড বলের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। সম্প্রতি মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়কদের সঙ্গে বৈঠকের পর আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত জানায়।
বিশেষভাবে, ব্যাটসম্যানের মাথার উচ্চতার ওপরে চলে যাওয়া বল স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে হক-আই। প্রতিটি ব্যাটসম্যানের মাথার উচ্চতা আগেই ডাটাবেসে সংরক্ষণ করা হবে। যখন বল ব্যাটসম্যানের সামনে আসবে, তখন এটি তার মাথার রেকর্ডকৃত উচ্চতার চেয়ে ওপরে গেলে তা ওয়াইড বলে গণ্য হবে। ফলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে না, যা ভুলের সম্ভাবনা কমিয়ে দেবে।
অন্যদিকে, এবার অফসাইড ওয়াইড নির্ধারণের নিয়মেও পরিবর্তন আসছে। ব্যাটসম্যান পিচের ভেতরে নড়াচড়া করলে তার অবস্থানের ভিত্তিতে ওয়াইড গাইডলাইনও একইভাবে সরবে। ফলে ব্যাটসম্যান যদি অফস্টাম্পের বাইরে চলে যান, তবে গাইডলাইনও তার দিকে সরবে এবং সেই অনুযায়ী ওয়াইড নির্ধারিত হবে। তবে লেগসাইড ওয়াইডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
আইপিএল বরাবরই নতুন প্রযুক্তি গ্রহণে অগ্রণী। ২০২৩ সালে নো-বল ও ওয়াইড নিয়ে ডিআরএস চালুর পর ২০২৪ সালে স্মার্ট রিপ্লে সিস্টেমও ব্যবহার করা হয়। এবার আরও উন্নত প্রযুক্তি নিয়ে আসার ফলে সিদ্ধান্ত গ্রহণের নির্ভুলতা ও গতি আরও বাড়বে।







