আইপিএল ২০২৫-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর চেন্নাই সুপার কিংস শিবিরে পুরনো রূপেই দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। যদিও বয়স ৪৩ পেরিয়ে গেছে, তবে তাঁর ব্যাটিংয়ে এখনও সেই পুরনো আগ্রাসন। চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড জানালেন, ধোনির মূল লক্ষ্য শুধু ছক্কা মারা এবং সঠিক সুইং অর্জন করা।
গায়কোয়াড বললেন, “ধোনির প্রশিক্ষণ খুবই নির্দিষ্ট। তিনি নিজের ভূমিকা বোঝেন এবং শুধু ছক্কা মারার দিকেই মনোনিবেশ করেন। প্রথম দিন থেকেই তাঁকে দুর্দান্ত দেখাচ্ছিল। তাঁর ফিটনেসও অবাক করার মতো।”
ধোনি নিজেও জানিয়েছেন, এখন তিনি নিছক উপভোগ করতে চান, যেন ছোটবেলায় কলোনির মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছেন।
ধোনির ফর্ম দলের অন্যান্য খেলোয়াড়দেরও উদ্বুদ্ধ করছে। গায়কোয়াড বলেন, “নতুন খেলোয়াড়রাও তাঁকে দেখে অনুপ্রাণিত হয়। তাঁর ব্যাটিং এখনও তরুণদের চেয়েও ভালো।”
চেন্নাইয়ের স্পিন আক্রমণ এবার আরও শক্তিশালী হতে চলেছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে যুক্ত হয়েছেন নূর আহমেদ। পাশাপাশি, দলে রয়েছে একাধিক প্রতিশ্রুতিবান পেসারও। গায়কোয়াড জানিয়েছেন, “পাথিরানা গুরুত্বপূর্ণ বোলার, তবে এবার আমাদের কাছে যথেষ্ট বিকল্প রয়েছে।”
সব মিলিয়ে ধোনি-গায়কোয়াড যুগলবন্দি এবং চেন্নাইয়ের নতুন পরিকল্পনা আইপিএল ২০২৫-এ চমক দিতে পারে।







