গত ৩রা সেপ্টেম্বর ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে কৃষি ভবনের সামনে ধর্না ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আটক হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা।এরপর কলকাতায় রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যান্য তৃনমূল নেতৃত্ববৃন্দরা ৪ দিন ব্যাপী ধর্না কর্মসূচি করেছিলেন। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা আদায়ের পর ধরনা প্রত্যাহার করা হয়। রাজ্যপাল এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছিলেন তৃণমূল প্রতিনিধিদলকে। তবে তারপরও যদি কেন্দ্র বকেয়া না মেটায়, তাহলে পুজোর পর ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তারই মধ্যে বিজেপি তাঁদের নিয়ে পালটা সমাবেশে নামতে চলেছে।
এবার ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে এবার সমাবেশ করবে কেন্দ্রীয় শাসকদল (BJP)।রবিবার দলের কোর কমিটির বৈঠকে এনিয়ে আলোচনা করে সমাবেশের স্থান, দিনক্ষণ স্থির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হবে এই সমাবেশ। সেইমতো প্রস্তুতি শুরু হয়েছে।
প্রতি বছর ২১ জুলাই তৃনমূল কংগ্রেস ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করে থাকে । বিজেপিও সেই জায়গাটিকেই সমাবেশ স্থল হিসেবে বেছে নিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে বঞ্চিতদের সঙ্গে নিয়ে পালটা কর্মসূচির প্রস্তাব দিয়েছিলেন। রবিবার কোর কমিটির বৈঠকে তাঁর প্রস্তাবেই চূড়ান্ত সিলমোহর পড়ল। আগামী ২৯ নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাওয়াদের নিয়েই সমাবেশ করবে গেরুয়া শিবির।







