২০১৯ সালে ‘পরিণীতা’র হিন্দি রিমেকের পর, এবার হিন্দি ধারাবাহিকের জগতে পা রাখছেন পরিচালক রাজ চক্রবর্তী। সম্প্রতি তাঁকে গুরগাঁওয়ের ফিল্মসিটিতে ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুটিং করতে দেখা গেছে। গুঞ্জন, ‘পটলকুমার গানওয়ালা’র হিন্দি রিমেক ‘তু দিল মে ধড়কন’-এর প্রচার ঝলক পরিচালনা করছেন তিনি।
সূত্রের খবর, রাজ বর্তমানে মুম্বইয়ে ধারাবাহিক পরিচালনার কাজে ব্যস্ত। ‘অনুপমা’র মধ্যেই নতুন ধারাবাহিকের ঝলক দেখানো হবে, তাই রূপালীর সঙ্গে শুটিং। তবে নেটিজেনদের ধারণা, শুধু ঝলক নয়, হয়তো পুরো ধারাবাহিকটিই পরিচালনা করবেন রাজ।
কিছুদিন আগেই প্রযোজক হিসেবে বলিউডে পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার রাজের এই খবরে টলিউডে আলোচনা শুরু হয়েছে। ‘সন্তান’ ছবির সাফল্যের পর, বলিউডে রাজের এই নতুন ইনিংস কতটা সফল হয়, সেটাই এখন দেখার।







