শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির ভেজা সন্ধ্যায় আইপিএল ২০২৫ মরশুমেএক উত্তেজনাপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংস দুর্দান্ত বোলিং আর নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারাল। ম্যাচটি বৃষ্টির কারণে ১৪ ওভারে সীমিত হলেও থ্রিলারে কোনো খামতি ছিল না।
টস জিতে শ্রেয়াস আইয়ার প্রথমে বল করার সিদ্ধান্ত নেন, যা একেবারে সঠিক প্রমাণিত হয়। শুরুতেই আর্শদীপ সিংয়ের আগুনে স্পেলে ফিরলেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। যদিও রজত পাটিদার কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ২৩ রানের সংযোজনে, তবে অন্যপ্রান্তে সহায়তা না পাওয়ায় ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন-আপ।
অন্যদিকে টিম ডেভিড ছিলেন একমাত্র ব্যতিক্রম। শেষদিকে তিনি হার না মানা ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন মাত্র ২১ বলে, যার মধ্যে শেষ ওভারে হরপ্রীত ব্রারের এক ওভার থেকে তুলে নেন ২১ রান। তার ঝড়ো ব্যাটিংয়ে কোনো মতে ৯৫/৯ অবধি পৌঁছায় বেঙ্গালুরু।
পাঞ্জাবের পক্ষে মার্কো জানসেন, আর্শদীপ, ব্রার ও চাহাল প্রত্যেকেই তুলে নেন দুটি করে উইকেট। জানসেনের বাউন্সার, চাহালের লুপ আর ব্রারের ধারাবাহিক লাইন-লেন্থে কার্যত দিশেহারা হয়ে পড়েন বেঙ্গালুরুর ব্যাটাররা।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসও শুরুতে কিছুটা চাপে পড়লেও, নেহাল ওয়াধেরার শান্ত মাথার ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় শ্রেয়াসের দল। বৃষ্টি ভেজা এই ম্যাচে ব্যাট-বলের দাপটে স্পষ্টতই একতরফা আধিপত্য দেখাল পাঞ্জাব।







