খেলাধুলা

সুপার কাপে অভিজ্ঞতা বনাম তারুণ্য! নেতৃত্বে দীপকের ওপর ভরসা রাখছেন মোহনবাগান কোচ বাস্তব

সুপার কাপ, এক নতুন চ্যালেঞ্জ। আইএসএল জয়ের উদযাপন এখন অতীত। এবার তরুণদের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণে ভরসা রাখছেন মোহনবাগান কোচ বাস্তব রায়। পুরোপুরি ভিন্ন এক দল, ভিন্ন বাস্তবতায় মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। আর সেই দলের নেতা দীপক টাংরি, যার শৈশবের স্বপ্ন ছিল মোহনবাগানের অধিনায়ক হওয়া—এবার তা সত্যি।

সিনিয়র দল থেকে আশিক, সাহাল, সুহেল, ধীরাজরা আছেন ঠিকই, কিন্তু মূল ভরসা আরএফডিএল জয়ী যুবাদের ওপর। কোচ বাস্তব রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন—কম্বিনেশন তৈরি করাই এখন তাঁর মূল লক্ষ্য। তিন-চার দিনের প্রস্তুতিতেই গুছিয়ে নিতে হচ্ছে গোটা দলকে। তিনি জানেন, প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স তাদের সেরা ছয় বিদেশি নিয়ে নামতে চলেছে। কিন্তু তিনি পিছিয়ে পড়তে নারাজ। বরং এমন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাকে দেখছেন মানসিক দৃঢ়তা যাচাইয়ের বড় মঞ্চ হিসেবে।

আজ শনিবার কেরলের বিপক্ষে মাঠে নামবে একটি প্রায় নতুন মোহনবাগান। রক্ষণে একমাত্র বিদেশি হিসেবে থাকবেন নুনো রেইস। তবুও বাস্তবের কণ্ঠে আত্মবিশ্বাস, “ভালো দলের বিরুদ্ধে খেললেই বোঝা যাবে, আমাদের তরুণেরা কতটা তৈরি।” তরুণদের ঘিরেই ভবিষ্যতের রূপরেখা আঁকছেন তিনি। তাঁর আশা, এই টুর্নামেন্ট থেকেই সিনিয়র দলে আরও কিছু প্রতিভাবান ফুটবলার উঠে আসবেন।

অন্যদিকে দীপক টাংরি বলছেন, অধিনায়ক হওয়াটা যেমন সম্মানের, তেমন দায়িত্বেরও। তিনি বিশ্বাস করেন, সিনিয়রদের অভিজ্ঞতা আর জুনিয়রদের উদ্যম একসাথে মিলেমিশে ভালো কিছু ফল এনে দেবে দলকে। এখন দেখার, বাস্তব-দীপকের এই পরীক্ষামূলক দল কতটা সফল হয় সুপার কাপের কঠিন পরীক্ষায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.