পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরে ফের সংঘর্ষের ছবি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রকাশ্যে আক্রমণ করলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সৌমিত্র বলেন, “আমার জেলা বাঁকুড়ায় দিলীপ ঘোষকে ঢুকতে দেব না।” কুণাল ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, “কুণাল এখন দিলীপদার পিএ হয়ে গিয়েছেন। কে কাকে পেমেন্ট দিচ্ছে সেটা নিয়ে সংশয় আছে।”
সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক উপস্থিত হন দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন তিনি। মমতার প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এর পরই বিজেপির অন্দরমহলে ক্ষোভের সঞ্চার হয়। দলীয় নেতারা প্রকাশ্যে দিলীপ ঘোষকে নিশানা করতে শুরু করেন।
দিলীপ ঘোষও চুপ থাকেননি। তিনি বলেন, “যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে নেতা হয়েছে, তারা এখন আমাকে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে।”
সৌমিত্র পাল্টা বলেন, “আমি তিনটি দল বদল করেছি। জানি দলের ভিতর থেকে কীভাবে লড়তে হয়। আমার মদের দোকান, পেট্রোল পাম্প, কনস্ট্রাকশন ব্যবসা রয়েছে। আমি কারও উচ্ছিষ্ট খাই না।” পাশাপাশি দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। বলেন, “আপনি বিয়ে করেছেন কারণ আপনি কোথাও ফেঁসে গিয়েছেন। দিল্লিতে আপনার অ্যাসেট কোথায় আছে তা আমাদের জানা নেই।”
এই প্রকাশ্য বাকযুদ্ধে রাজ্য বিজেপিতে শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই মত রাজনৈতিক মহলের। ২০২৪ লোকসভা নির্বাচনে হারের পর এই বিদ্বেষপূর্ণ কথোপকথন দলের ক্ষতি আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।







