রাজনীতি

নন্দীগ্রামে হাসিরানি রথের মনোনয়ন বাতিলের দাবি খারিজ, ভোটের আগে স্বস্তি বিজেপির

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বড়সড় স্বস্তি পেল বিজেপি। দলের প্রার্থী হাসিরানি রথের মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেছিল কংগ্রেস, তা খারিজ করে দিল আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ মঙ্গলবার কংগ্রেসের আবেদন খারিজ করেছে। ফলে নন্দীগ্রামের ভোটযুদ্ধে আপাতত হাসিরানি রথের প্রার্থীপদ বহাল থাকল।

হাসিরানি রথের মনোনয়ন নিয়ে বিতর্কের সূত্রপাত তাঁর হলফনামায় দেওয়া তথ্য ঘিরে। সেখানে তাঁর জন্মসাল আনুমানিক ১৯৬৫ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, ১৯৬৫ সালেই তিনি চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠে দশম শ্রেণিতে পড়তেন। এই তথ্য নিয়েই প্রশ্ন তোলে কংগ্রেস। তাদের বক্তব্য, জন্মসাল যদি ১৯৬৫ হয়, তা হলে ওই বছরই কীভাবে তিনি দশম শ্রেণির ছাত্রী ছিলেন?

এখানেই শেষ নয়, স্কুলের ইতিহাস নিয়েও প্রশ্ন তোলা হয়। কংগ্রেসের দাবি, ১৯৬৩ সালে ওই স্কুলের পথচলা শুরু হলেও সে সময় সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হত। দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের সরকারি অনুমোদন স্কুলটি পায় ১৯৭৩ সালে।

এই তথ্যের ভিত্তিতেই হাসিরানি রথের মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। মামলাকারী পক্ষের আইনজীবীদের বক্তব্য ছিল, মনোনয়নপত্রে উল্লেখ করা বয়সের সঙ্গে তাঁর মাধ্যমিকের শংসাপত্রের তথ্যের মিল নেই। ফলে বয়স সংক্রান্ত তথ্য ভুল দেওয়া হয়েছে অথবা ভুয়ো শংসাপত্র জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

কংগ্রেসের আইনজীবীদের আরও দাবি ছিল, মনোনয়নে মিথ্যা তথ্য প্রমাণিত হলে রিটার্নিং অফিসারের তা বাতিল করার ক্ষমতা রয়েছে। তা হলে কেন রিটার্নিং অফিসার ওই মনোনয়ন বাতিল করেননি, সেই প্রশ্নও আদালতে তোলা হয়।

অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়। কমিশনের বক্তব্য ছিল, মনোনয়নপত্র স্ক্রুটিনির সময় কেন এই অভিযোগ জানানো হয়নি? সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ।

অবশেষে মঙ্গলবার কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ করে দিল আদালত। অর্থাৎ, হাসিরানি রথের মনোনয়ন নিয়ে কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ফলে উপনির্বাচনের আগে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর জন্য আপাতত স্বস্তির পরিস্থিতি তৈরি হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.