পেশাদার ক্রিকেটে দলবদল নতুন কিছু নয়, কিন্তু সিদ্ধান্ত বদলের এই নজির বিরলই বলা চলে। মাত্র এক মাস আগে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন যশস্বী জয়সওয়াল। মুম্বই ক্রিকেট সংস্থার কাছ থেকে চেয়েছিলেন ‘নো অবজেকশন শংসাপত্র’। অথচ মে মাস পড়তেই সেই সিদ্ধান্তে বদল, যশস্বী জানিয়ে দিলেন—তিনি মুম্বইকেই ফের বেছে নিতে চান।
শুক্রবার মুম্বই ক্রিকেট সংস্থাকে চিঠি দিয়ে এনওসি প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। যশস্বীর ভাষায়, “গোয়ায় যাওয়ার পেছনে কিছু পারিবারিক পরিকল্পনা ছিল, যা আপাতত হচ্ছে না। তাই আমি চাই মুম্বইয়ের হয়েই এই মরসুমে খেলতে।” উল্লেখযোগ্য ভাবে, এনওসি এখনও বিসিসিআই বা গোয়া সংস্থার কাছে জমা দেননি তিনি।
তবে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত বদলের পিছনে কি শুধুই পারিবারিক কারণ? নাকি নিজের ক্রিকেট কেরিয়ারের জন্য মুম্বইয়ের পরিকাঠামো ও প্রতিযোগিতাকে বেশি ভরসাযোগ্য বলে মনে করছেন যশস্বী? কারণ, এখানেই তাঁর ক্রিকেট যাত্রার শুরু—রাস্তায় ফুচকা বিক্রি থেকে হ্যারিস শিল্ডে চোখধাঁধানো পারফরম্যান্স, সবই মুম্বইয়ের মাটিতে।
গত বছর মুম্বইয়ের হয়েই খেলেছিলেন তিনি, যদিও ব্যাট হাতে খুব একটা সফল হতে পারেননি। চোট-আঘাতও ছিল। তবে এ বার নিজের শহরে নিজের পরিচিত পরিবেশেই ঘরোয়া মরসুমে নতুন ভাবে ফিরতে চান যশস্বী। তবে শেষ পর্যন্ত মুম্বই তাঁকে সুযোগ দেবে কি না, তা নির্ভর করছে বিসিসিআই ও গোয়া বোর্ডের সঙ্গে আলোচনার উপর।







