খেলাধুলা

রোনাল্ডোকে ঘিরে বিতর্কে ক্ষুব্ধ জেসুস, ‘ক্ষমা চাইব কীসের জন্য?’

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জোরালো অনিশ্চয়তা। কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর সংঘাতের পর নেশনস লিগের মাঝপথেই জাতীয় দলের শিবির ছেড়ে বেরিয়ে যান পর্তুগিজ মহাতারকা। যাওয়ার আগে অবশ্য ইঙ্গিত দিয়ে গিয়েছেন, খুব শীঘ্রই গোটা বিশ্বের সামনে ঘটনার ‘আসল সত্য’ তুলে ধরবেন।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নরওয়ের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হন পর্তুগাল কোচ জর্জ জেসুস। সেখানে রোনাল্ডোকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি এবার ক্ষমা চাইবেন? প্রশ্ন শুনেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন জেসুস। পাল্টা সাংবাদিকের উদ্দেশে কড়া ভাষায় জবাব দেন তিনি।

নরওয়ে ম্যাচের আগে জেসুস জানিয়েছিলেন, ম্যাচ শেষ হলেই রোনাল্ডোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে তিনি মুখ খুলবেন। সেই মতো সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয় ক্ষমা চাওয়ার বিষয়ে। জেসুসের সাফ উত্তর, “আমি কেন ক্ষমা চাইব? কোন কারণেই বা ক্ষমা চাইতে হবে?” এরপর পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, সমস্যার সূত্রপাত হয়েছিল খেলোয়াড়ের ওয়ার্ম-আপ ঘিরে। সিদ্ধান্তের সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন বলেও জানান। তবে তাঁর প্রশ্ন, “ক্ষমা চাইব কেন? আর কার কাছে?” তাঁর মতে, এই নিয়ে বিতর্ক তৈরি হওয়াটাই হাস্যকর।

দলের উপর নিজের নিয়ন্ত্রণ নিয়েও কোনও সংশয় রাখতে চাননি জেসুস। তাঁর বক্তব্য, “আমি দলের কোচ। কাকে ডাকব, কাকে দলে রাখব কিংবা কে খেলবে, সেই সিদ্ধান্তের জন্য আমাকে কারও অনুমতি নিতে হয় না।” কোচ হিসেবে কিছু বিষয়ে কোনওরকম আপস করার সুযোগ নেই বলেও স্পষ্ট করে দেন তিনি।

জেসুসের দাবি, গোটা ঘটনাকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে রোনাল্ডোর জন্য জাতীয় দলের দরজা যে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, দীর্ঘ এক বছরের সম্পর্ক কোনও একটি ঘটনার জেরে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে না। রোনাল্ডো বলেই বিষয়টি এত বড় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

জেসুস আরও বলেন, অনেক খেলোয়াড় ওয়ার্ম-আপ করেও শেষ পর্যন্ত মাঠে নামেন না। কিন্তু তাঁদের ক্ষেত্রে তা নিয়ে কোনও বিতর্ক হয় না। রোনাল্ডো জাতীয় দলের প্রতীক বলেই তাঁর ক্ষেত্রে সামান্য ঘটনাও বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন পর্তুগাল কোচ।

জাতীয় দলের শিবির ছাড়ার পর ব্রুনো ফার্নান্দেজ বলেছিলেন, রোনাল্ডোর প্রাপ্য রাজকীয় বিদায়। এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেছেন জেসুসও। তিনি জানান, ব্রুনোর কথার সঙ্গে তাঁর নিজের মতের কোনও পার্থক্য নেই।

জেসুসের কথায়, তিনি রোনাল্ডোকে বলেছিলেন, বিশ্বকাপে হেরে চোখের জলে জাতীয় দলের জার্সি ছেড়ে দেওয়া তাঁর উচিত নয়। বরং জাতীয় দলের হয়ে নিজের কেরিয়ারের শেষটা অন্যভাবে হওয়া প্রয়োজন ছিল। সেই কারণেই প্রথম ম্যাচে রোনাল্ডোকে খেলানো হয়েছিল এবং আলভালাদেতেও তাঁকে মাঠে দেখা গিয়েছিল। নরওয়ের বিরুদ্ধেও তাঁর খেলার কথা ছিল। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বদলে যাওয়ায় পুরো পরিকল্পনাই ভেস্তে যায়।

জেসুসের বক্তব্যে স্পষ্ট, রোনাল্ডোকে ঘিরে পর্তুগাল শিবিরের বিতর্ক এখনই মিটছে না। একইসঙ্গে তাঁর কথায় এটাও পরিষ্কার, ৪১ বছরের তারকার জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.