ভারতীয় পাইলট স্মিথ মচ্ছরের সাহসিকতার প্রশংসা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর বীরত্বকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বাংলা থেকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ পাইলট তৈরির বার্তা দিয়েছেন তিনি।
বেহালায় একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর লক্ষ্য, স্মিথ মচ্ছরের মতো সাহসী ও রাষ্ট্রবাদী পাইলট তৈরির সুযোগ তৈরি করা বাংলাতেই। প্রশিক্ষণপ্রাপ্ত সেই পাইলটরা শুধু দেশের মাটিতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিষেবা দেওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদী তিনি। খুব শীঘ্রই কেন্দ্রের তরফে বাংলায় এমন প্রতিষ্ঠান গড়ার অনুমোদন মিলবে বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর কথায়, ভারতের প্রত্যেক পাইলটই দেশকে ভালোবাসেন। সম্প্রতি এক ভারতীয় পাইলট নিজের অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বহু নিরপরাধ মানুষের প্রাণ রক্ষা করেছেন। বাংলার মাটিতেও যাতে সেই ধরনের সাহসী ও দেশপ্রেমিক পাইলট তৈরি করা যায়, সেই লক্ষ্যেই ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ার আবেদন জানানো হয়েছে।







