নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড়সড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর অন্তর্বর্তী জামিন বাতিলের দাবিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও, শীর্ষ আদালত সেই আর্জিতে সাড়া দিল না। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মিলন প্রধান। ভোটপর্ব শেষ হওয়ার পরই মামলাটির পরবর্তী শুনানি হবে। পাশাপাশি, প্রায় ১৯ বছর পুরনো এই মামলায় পুলিশের ভূমিকা ও দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।
শুনানির শুরুতেই রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, মিলন প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে খুন এবং বোমা হামলার মতো একাধিক মামলা রয়েছে বলেও আদালতে জানান তিনি। যদিও রাজ্যের এই দাবির তীব্র বিরোধিতা করেন কংগ্রেস প্রার্থীর আইনজীবী তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।
দুই পক্ষের বক্তব্য শোনার পরই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ঘটনাটি ২০০৭ সালের। তাহলে এত বছর ধরে পুলিশ কী করছিল? যদি তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা থেকেই থাকে, তাহলে এতদিন কেন কোনও আইনি পদক্ষেপ করা হয়নি? প্রশাসনের প্রতিটি স্তরকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, তৎকালীন জমি আন্দোলনকে কেন্দ্র করে যে বিরোধ তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপট সকলেরই জানা। একই ঘটনায় একসঙ্গে ৬৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৭ সালে নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সময়ে দাঙ্গা ও খুনের অভিযোগে মিলন প্রধানের বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। প্রায় ১৯ বছর ধরে সেই মামলাগুলি ঝুলে থাকার পর, বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। রাজ্য পুলিশের এই আচমকা তৎপরতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। একক বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ঐতিহাসিক জমি আন্দোলনের সঙ্গে যুক্ত কোনও রাজনৈতিক কর্মীর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
তবে সোমবারের শুনানিতে আরও একটি বিষয় সামনে এসেছে। প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি আদালতকে জানান, ২০০৭ সালে এই জমি আন্দোলন সংক্রান্ত মামলার আগের পর্যায়ে শুনানির সময় তিনি আইনজীবী হিসেবে অভিযুক্তদের হয়ে সওয়াল করেছিলেন। বর্তমানে বিচারপতি হিসেবে দায়িত্বে থাকার কারণে ভবিষ্যতে এই মামলা থেকে তিনি নিজেকে সরিয়ে নিতে পারেন। ফলে পরবর্তী শুনানিতে বেঞ্চের গঠন কী হবে, তা নিয়েও তৈরি হয়েছে নতুন জল্পনা।
সব মিলিয়ে, ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ মিলন প্রধানের জন্য বড় স্বস্তি বলেই মনে করছে রাজনৈতিক মহল। নন্দীগ্রামের উপনির্বাচনের রাজনীতিতেও এই রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।







