এবারের নারী এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট আয়োজন হবে বিহারের রাজগিরে। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যা আয়োজিত হবে সদ্য নির্মিত রাজগির হকি স্টেডিয়ামে।
হকি ইন্ডিয়ার ঘোষণায় জানানো হয়, দেশের হকি সংস্থা এবং বিহার সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতসহ চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো দলগুলি অংশগ্রহণ করবে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “বিহার সরকার এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করতে পেরে আনন্দিত। আন্তর্জাতিক দলগুলিকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাই এবং প্রতিযোগিতাটি সফল করতে আমরা কোনো ত্রুটি রাখব না।”
আশিয়ান হকি ফেডারেশনের সভাপতি দাতো ফুমিও ওগুরা হকি ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ভারত গতবার সফলভাবে পুরুষ ও মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল। রাজগিরে এই প্রতিযোগিতাও সমানভাবে সফল হবে বলে আমি আত্মবিশ্বাসী।”
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকী জানান, “বিহারে এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এর জন্য আমরা আশিয়ান হকি ফেডারেশন ও বিহার সরকারের কাছে কৃতজ্ঞ।”
এবারের প্রতিযোগিতায় ভারত তার শিরোপা ধরে রাখতে কতটা সফল হবে তা নিয়ে ক্রীড়ামোদীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।







