মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাসরেক আম্বেরদর। ধৃতদের নাম— আলমগীর সেখ, আরমান সেখ, ফিরদৌস সেখ, সরিফুল সেখ ও হাসিল সেখ।
পুলিশ সূত্রে খবর, গত ১লা মে রাতে কান্দি থানার চরকতলা মাঠ এলাকায় ফাঁকা জায়গায় গুলির শব্দ শোনা যায়। ঘটনার তদন্তে নামে কান্দি থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে ৩রা মে পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রথমে ১৪ দিনের এবং পরবর্তীতে আরও ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয় আদালতে।
পুলিশ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কান্দি থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে চারটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোনো বড়সড় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
রবিবার ফের ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কান্দি অঞ্চলে অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস খুঁজে বের করতেও তদন্ত চালানো হচ্ছে।







