কসবা ল’ কলেজে সংঘটিত নৃশংস গণধর্ষণের ঘটনায় যখন রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ, তৃণমূল কংগ্রেসও একের পর এক পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখনই রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার মুখ থেকে উঠে এল এক বিস্ফোরক মন্তব্য— “ছোট্ট ঘটনা!”
ঘটনার দিন ছিল ১ জুলাই, জাতীয় চিকিৎসক দিবস। সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সেচমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেন, “এই ছোট ছোট ঘটনা নিয়ে রাজনীতি চলছে। মানুষ এটা বোঝে।” যদিও তিনি কোন ঘটনাকে “ছোট” বলছেন, তা স্পষ্ট করেননি।
কিন্তু সময়টা এমন নয় যে বক্তব্য ব্যাখ্যা করে নিতে হবে। কসবার মতো একটি ভয়াবহ ঘটনায় যখন ছাত্র, যুব, সমাজকর্মী—সকলেই রাস্তায়, যখন মদন মিত্রের মতো প্রবীণ নেতা পর্যন্ত ক্ষমা চাইছেন, তখন সেচমন্ত্রীর এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে।
প্রশ্ন উঠছে—এটা কি শুধুই ‘ভাষার ভুল’? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে শাসকদলের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি? সিপিএম, বিজেপি ও কংগ্রেস একযোগে এই মন্তব্যের কড়া নিন্দা করেছে।
মানুষ এখন আর চুপ করে নেই। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল এই বক্তব্য, উঠছে প্রশ্ন—এবার কি মানস ভুঁইয়ার পালা? তৃণমূল কী এই মন্তব্যে শুধুই দূরত্ব তৈরি করবে, নাকি নেওয়া হবে বড়সড় শাস্তিমূলক পদক্ষেপ?







