চাকরিরাজ্য

২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিতে রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের, চূড়ান্ত শুনানি অগস্টে

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্ট এক বড়সড় নির্দেশ দিল। ২০২২ সালে রাজ্যের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মামলা শীর্ষ আদালতে ওঠার পর দীর্ঘ শুনানি ও বিলম্বের পর, শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্যকে চার সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ প্রদান করতে বলেছে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই আদেশ দিয়েছে। আগামী অগস্টে বাকি বকেয়া ডিএ সংক্রান্ত চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় সুপ্রিম কোর্ট প্রথমে ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, তবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এত বেশি পরিমাণে বকেয়া ডিএ এখন দেওয়া সম্ভব নয়। রাজ্যের আর্থিক দুরবস্থা বিবেচনা করে আদালত অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে দিতে বলেছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন, যা কার্যকর হয়েছে ১ এপ্রিল থেকে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হারের সাথে রাজ্যের কর্মচারীদের মধ্যে এখনও প্রায় ৩৭ শতাংশের ফারাক রয়েছে। কেন্দ্রীয় কর্মচারীরা বর্তমানে ৫৫ শতাংশ ডিএ পাচ্ছেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশে কর্মচারীদের মধ্যে সন্তোষ প্রকাশ পাওয়া গেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি আদালতে স্বীকৃতি পেল। আশা করি বাকি বকেয়া ডিএও দ্রুত মিলবে।” আরেক আন্দোলনকারী জানান, দীর্ঘদিনের লড়াই শেষে এই রায় কিছুটা হলেও স্বস্তির খবর।

২০২২ সালের ২০ মে কলকাতা হাই কোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার ওই আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘ শুনানি শেষে ২৫ শতাংশ বকেয়া ডিএ দ্রুত দেওয়ার নির্দেশ মিললো।

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আদেশ হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় এই রায় বড় একটি ধাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.