মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলার অভিযোগে মন্ত্রীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে সোফিয়ার পরিবার। এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপিও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, সোফিয়ার আত্মীয় পরিজন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের হস্তক্ষেপ চেয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, মন্ত্রীর এই কুরুচিপূর্ণ মন্তব্যে দেশের প্রতি সোফিয়ার কর্তব্য এবং সম্মানকে ভূলুণ্ঠিত করা হয়েছে। অবিলম্বে বিজয় শাহকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবি তুলেছে পরিবার।
কর্নেল সোফিয়ার ভাই বান্টি সুলেমন ক্ষোভের সঙ্গে বলেন, ‘‘সোফিয়া শুধু আমাদের পরিবারের নয়, তিনি গোটা দেশের মেয়ে, ভারতীয় সেনার গর্ব। ওঁর জীবন দেশের জন্য উৎসর্গীকৃত। মন্ত্রী বিজয় শাহের এই জঘন্য মন্তব্যের কোনও ক্ষমা নেই।’’ তিনি চান, তাঁদের এই কাতর আর্জি যেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর কাছে পৌঁছয় এবং তাঁরা এর উপযুক্ত ব্যবস্থা নেন। মধ্যপ্রদেশের ছতরপুরের বাসিন্দা সোফিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই স্থানীয় নেতারা তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং বিতর্কিত মন্তব্যের জন্য ভারত সরকার যথাযথ পদক্ষেপ করবে বলে আশ্বাস দিয়েছেন। সুলেমন জানান, বিজেপির বহু নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁরাও মনে করেন ওই মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। তাঁরাও সোফিয়াকে দেশের কন্যা হিসেবেই দেখেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইও এই মন্তব্যের তীব্র নিন্দা করে বিজয় শাহকে ভর্ৎসনা করেন এবং সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন। প্রধান বিচারপতি বলেন, এই ধরনের মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। এরপরেও বিতর্ক থামেনি এবং বিরোধী দলগুলি একযোগে ওই মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে।






