যোগ্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর রাতে দফায় দফায় লাঠিপেটা করার পর এবার তাঁদের বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। বিধাননগরের বিকাশ ভবনের সামনে সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে।
শুক্রবার, ধিক্কার দিবসে শিক্ষকরা ফের বিকাশ ভবনের সামনে জমায়েত হন। পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকানোর চেষ্টা করলে শিক্ষকরা তা সরিয়ে ফেলেন। এরপর তাঁরা বিকাশ ভবনের সামনে ধরনায় বসেন। তাঁদের একটাই দাবি, সরকারকে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
আন্দোলনকারী শিক্ষকরা বৃহস্পতিবারের পুলিশি লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁরা পুলিশের লাঠি পেটা খেয়েছেন। প্রয়োজনে আবারও মার খাবেন, তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সরবেন না। তাঁরা চান মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এসে তাঁদের সঙ্গে কথা বলুন। শিক্ষকদের প্রশ্ন, পুলিশের অত্যাচারে আহত হওয়ার পরেও তাঁদের বিরুদ্ধেই কেন মামলা করা হচ্ছে?
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আন্দোলনকারীরা বিকাশ ভবনের গেট ভেঙেছেন এবং কর্মীদের আটকে রেখেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে পদক্ষেপ করেছে।







