বিনোদন

বাবা হলেন হ্যারি পটার

জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তিনি, খবর মিলেছিল আগেই। অবশেষে এল সেই সুখবর। বাবা হয়েছেন হলিউডের ব্রিটিশ তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ।

‘হ্যারি পটার’-এর জীবনে নতুন অধ্যায়ের সূচনা। প্রথম বার বাবা হলেন হলিউডের ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন ড্যানিয়েলের এক দশকের প্রেমিকা এরিন ডার্ক। নিউ ইয়র্কের রাস্তায় প্র্যাম ঠেলতে দেখা গেল ‘হ্যারি পটার’ তারকাকে। তাঁর সঙ্গেই ছিলেন সদ্য মা হওয়া এরিনও। অভিনেত্রীর সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ড্যানিয়েলের। সম্পর্কের ১০ বছর পরে ড্যান ও এরিনের পরিবারে এল নতুন সদস্য। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, খুদে সদস্যের আগমনে ভীষণ খুশি তাঁরা দু’জনেই।

২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম। তার পরে কেটে গিয়েছে প্রায় এক দশক। সেই যে একে অপরের হাত ধরেছিলেন, তার পর থেকে একসঙ্গেই পথ চলা ড্যান ও এরিনের। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন যুগল। ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্য দিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিঙ্ক টোয়াইস’ ছবিতেও অভিনয় করেছেন এরিন। তবে শুধু অভিনয় নয়, এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন ড্যানিয়েল।

ড্যানিয়েলের সাম্প্রতিক ছবি ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিচ’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল ড্যান ও এরিনকে। মার্চের শেষ দিকেই খবর মিলেছিল, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। আপাতত প্রথম সন্তানকে নিয়েই জীবন উপভোগ করছেন ড্যান ও এরিন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান; ‘নিজের সন্তানদের জন্য খ্যাতি চান না তিনি।’ তাঁর কথায়, ফিল্মসেট একটি দুর্দান্ত জায়গা, কিন্তু মন দিয়ে কাজ শেখা ও কাজ করার আগেই খ্যাতিলাভ করার প্রবণতা সকলের এড়িয়ে চলা উচিত!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.