ক্রাইমজেলা

২৫ লিটার দুধে ৪০ কেজি পনির! গ্রেফতার কোটিপতি ব্যবসায়ী

গোরখপুরে নকল ছানা তৈরির একটি ভয়াবহ চক্র ফাঁস করেছে খাদ্য ও ওষুধ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তারা একটি কারখানায় দেখতে পান, মাত্র ২৫ লিটার পচা দুধ থেকে তৈরি হচ্ছে ৪০ কেজি পনির। ছানার রং ও গন্ধ আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল ডিটারজেন্ট, ফ্যাব্রিক হোয়াইটনার, পাম অয়েল, রং, সোয়াবিন ও সালফিউরিক অ্যাসিডের মতো বিপজ্জনক রাসায়নিক।

তদন্তে জানা যায়, অভিযুক্ত খালিদ এক বছর আগে ডেইরি ব্যবসা শুরু করেন। শুরুতে বিশুদ্ধ ছানা বাজারে বিক্রি করলেও পরে লাভের আশায় ভুয়ো ছানা তৈরির পথে নামেন। এই কারখানা থেকে প্রতি মাসে প্রায় ৪২ লক্ষ টাকা রোজগার হচ্ছিল। এর আগেও গত ২ মে কারখানাটি সিল করা হয়েছিল, কিন্তু ফের তা চালু করে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে ২৫০ কেজি নকল ছানা ও ৮০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। প্রশাসন জানায়, এই ছানা শুধু গোরখপুর নয়, আশপাশের জেলা ও বিহারে সরবরাহ হতো।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে চলত উৎপাদন, ছড়াত দুর্গন্ধ ও পরিবেশ দূষণ। কারখানায় কর্মরত শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাদ্য দফতর জানিয়েছে, এই অপরাধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

প্রশাসনের তরফে জনগণকে সতর্ক করা হয়েছে যেন অস্বাভাবিক সাদা ও নরম ছানা না কেনেন এবং সন্দেহজনক কিছু দেখলেই খাদ্য দফতরে অভিযোগ জানান। সারা রাজ্যে ভুয়ো দুগ্ধজাত পণ্যের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.