মাঝে আর মাত্র একটা দিন এর পরই জামাইষষ্ঠী।বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। প্রত্যেক মেয়ের বাবা মায়েরা থাকেন এই জামাইষষ্ঠীর মত বিশেষ দিনের অপেক্ষায়। বিভিন্ন মরসুমি ফল, প্রদীপ, হাত পাখা, উপহার, নতুন বস্ত্র, সমস্ত কিছু দিয়ে জামাইকে বরণ করে শাশুড়ী মায়েরা। তারপর বিভিন্ন সুস্বাদু পদ সহযোগে আহারের আয়োজন করা হয়।
কিন্তু জানেন কী? এই জামাইষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল চলো জেনে নিয়ে যান,,,
এই জামাইষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল তার পেছনে রয়েছে এক পুরোনো কাহিনি। পুরাণ অনুসারে, এক মহিলা প্রতিদিন তার বাড়িতে যা রান্না হতো, তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং প্রতিদিন বিড়ালের নামে মিথ্যা অপবাদ দিতেন যে বিড়াল খাবার চুরি করে খেয়েছে। বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। বিড়ালের উপর মিথ্যা অপবাদ দেওয়ায় মা ষষ্ঠী ক্রুদ্ধ হন এবং তার অভিশাপে ওই মহিলার যত সন্তান হয়, সবাই একে একে জন্মের পর মারা যায়।
নিজের ভুল বুঝতে পেরে ওই মহিলা মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন এবং নিয়ম নিষ্ঠা সহকারে তাঁর পূজা করে মাকে প্রসন্ন করেন। এরপর মা ষষ্ঠীর কৃপায় তিনি তাঁর মৃত সন্তানদের জীবন ফিরে পান। কিন্তু এই মহিলার শাশুড়ী সমস্ত ঘটনা জানতে পেরে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। এদিকে, মেয়ের বাবা-মা অনেকদিন মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠেন। জৈষ্ঠ শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তাঁরা মেয়ে-জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ভোজনের ব্যবস্থা করেন এবং সেই সঙ্গে মেয়েকে দেখার শখও তাঁদের পূরণ হয়। সেই দিন থেকেই জামাইষষ্ঠী পালিত হয়ে আসছে বলে লোকবিশ্বাস।
জামাইষষ্ঠীর তিথি ও সময়
এ বছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ১ জুন, রবিবার (১৭ জ্যৈষ্ঠ)। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ৩১ মে রাত ১২টা ৩৪ মিনিটে এবং শেষ হবে ১ জুন রাত ১২টা ৮ মিনিটে। এই তিথি মেনেই আগামী ১ জুন পালিত হবে জামাইষষ্ঠী।







