আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী ২২ জুন বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। তার আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রাক-বাজেট আলোচনায় উত্তরবঙ্গের উন্নয়ন ও ব্যবসায়িক পরিকাঠামো নিয়ে একাধিক আশ্বাসও দেন তিনি।
বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, “এই প্রথম সাধারণ মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হচ্ছে।” একইসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, “আগে মানুষের সঙ্গে আলোচনা না করেই বাজেট তৈরি হতো।”
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বুধবার রাতেই উত্তরবঙ্গে পৌঁছে যান স্বপন দাশগুপ্ত। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে বর্তমান সরকারের উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তাই স্পষ্ট হয়েছে।
ব্যবসায়ীদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল জিএসটি সংক্রান্ত সমস্যার দ্রুত নিষ্পত্তি। বর্তমানে এই ধরনের বিষয়ে সমাধানের জন্য তাঁদের কলকাতার উপর নির্ভর করতে হয়। সেই সমস্যার সমাধানে অর্থমন্ত্রী জানান, আসন্ন বাজেটে উত্তরবঙ্গে একটি জিএসটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আনা হবে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের আর কলকাতায় ছুটে যেতে হবে না।
এদিনের বৈঠকে চা শিল্পের সংকট ও চা বাগানগুলির সমস্যা নিয়েও আলোচনা হয়। যদিও নির্দিষ্ট কোনও পরিকল্পনার কথা তিনি জানাননি, তবে আশ্বাস দিয়েছেন ধাপে ধাপে এই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মালদহের বিখ্যাত আম শিল্প ও তার বাণিজ্যিক প্রসারের বিষয়টিও বাজেটে গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দেন তিনি।
অর্থমন্ত্রীর বক্তব্য, “এটি আপাতত আট মাসের বাজেট। মানুষের সমস্যার কথা শুনে, তাঁদের প্রয়োজন বুঝে বাজেট তৈরি করা হচ্ছে। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, তবে ধীরে ধীরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উত্তরবঙ্গের উন্নয়ন আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার।”
এখন নজর আগামী ২২ জুনের বাজেটের দিকে। উত্তরবঙ্গের জন্য ঘোষিত প্রতিশ্রুতিগুলির কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ।







