জেলারাজ্য

বিসর্জন নয়, অমরত্ব! ঠাকুরপুকুর এসবি পার্কের প্রতিমা সংরক্ষণের সিদ্ধান্তে রাজ্যজুড়ে তাক লাগানো উদ্যোগ

উমা ফিরে গিয়েছেন কৈলাসে, কিন্তু ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনের প্যান্ডেলে যেন এখনো পুজোর রেশ। কারণ, এবারও বিসর্জন নয়— প্রতিমা সংরক্ষণেই ভরসা রাখল পুজো উদ্যোক্তারা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের দেবীপ্রতিমা স্থান পাবে রবীন্দ্র সরোবরের ‘মা’ সংগ্রহশালায়।

গত বছর বেহালার চাঁদের হাটে সংরক্ষিত হয়েছিল তাঁদের ‘শৈশবের দুগ্গা’। এবার ৫৫ তম বর্ষে পুজো কমিটি আরও এক ধাপ এগিয়ে ইতিহাসকে নতুনভাবে ছুঁয়েছে। এবারের থিম ‘প্রত্নকথা’, যা বয়ে এনেছে প্রাচীন মোগলমারি অঞ্চলের প্রত্নঐতিহ্য।

শিল্পী রাজু সরকারের হাতে গড়া মণ্ডপ যেন সময়ের সুড়ঙ্গে প্রবেশ করায় দর্শকদের। মাটির তলায় লুকিয়ে থাকা গুপ্তোত্তর যুগের মূর্তি, ইট, মুদ্রার অনুপ্রেরণায় সাজানো হয়েছে গোটা প্রেক্ষাপট। পুজো উদ্যোক্তা সঞ্জয় মজুমদারের কথায়— “যাঁরা বলেন বাংলার ইতিহাস নেই, তাঁদের জন্যই আমাদের এই থিম। মোগলমারি বাংলার প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ।”

দেবীপ্রতিমাতেও ফুটে উঠেছে সেই ইতিহাসের ছায়া— বৌদ্ধধর্মের তারা দেবীর আদলে গড়া প্রতিমা। পুরাণবিশারদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন,বৌদ্ধধর্মে তারা দেবী ত্রাণের প্রতীক। সেই ভাবনাই এবার ঠাকুরপুকুরের প্রতিমায় প্রতিফলিত।”

রাজ্য সরকারের সংরক্ষণ সিদ্ধান্তে ভীষণ উৎসাহিত পুজো কমিটির সদস্যরা। তাঁদের মতে,বিসর্জনে শেষ নয়, সংরক্ষণেই শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.