দাহকার্য করে ফেরার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা। কলকাতায় বিশ্ব বাংলা সরণিতে বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল শ্মশানযাত্রী বোঝাই গাড়ি! তাতেই গুরুতর আহত হয়েছেন ২২ জন। ঘটনাটি ঘটেছে কলকাতার চিনার পার্ক সংলগ্ন বিশ্ব বাংলা সরণিতে।
পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুর ৩ঃ১৫ মিনিট নাগাদ একটি টাটা ৪০৭ গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়িতে ২০-২২ জন লোক ছিলেন। তাঁরা সকলেই শ্মশানযাত্রী। পরিবারের একজনের মৃত্যুর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিলেন সকলে। কিন্তু তাতেও শান্তি নেই, পাশ দিয়েই যাওয়া একটি বাসের সঙ্গে রেষারেষি করতে শুরু করে গাড়িটি।
পুলিশ জানিয়েছে, বারাসাত-বিগার্ডেন রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে টাটা ৪০৭ গাড়িটি। তাতে বাসটির কিছু না হলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শ্মশানযাত্রী বোঝাই গাড়িটি। রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে সেটি উল্টে যায় পুরোপুরি।
জানা গেছে, গাড়িতে সেই সময় বেশ কয়েকজন মহিলাও ছিলেন। তাঁরা সহ গাড়িতে থাকা প্রত্যেকে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। সকলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে চিনার পার্ক থেকে নিউটাউনমুখী রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ৩০ মিনিট মতো যানজট থাকলেও পরে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।







