ফিল্ডিংয়ে ঢিলেমি দেখে অধিনায়ক রোহিত শর্মা মাঠেই বলে বসেছিলেন, ‘‘ভাল করে ফিল্ডিং কর, বাগানে বেড়াতে এসেছিস নাকি?’’ ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বিশাখাপত্তনমে তাঁর এই মন্তব্য শোনা গিয়েছিল স্টাম্প মাইকে। এরপর তা ঘিরে শুরু হয় আলোচনা ও হাস্যরস। কিন্তু তরুণ ক্রিকেটারদের উপর রোহিতের এই ‘বকুনি’ সত্যিই কি কাউকে আঘাত করেছিল? এই প্রশ্নের জবাব দিলেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পুজারা।
পুজারা স্পষ্ট জানিয়ে দিলেন, রোহিত যা বলেছিলেন, তা মোটেও অপমান বা রাগ নয়। বরং তরুণদের উৎসাহ দিতেই এমন ভাষা ব্যবহার করেন তিনি। ‘‘ওর কথা বলার ধরন এমনই। অনেক সময় শুনলে মনে হয় রেগে আছেন, কিন্তু আসলে তা নয়। ওর লক্ষ্য থাকে দলের সেরাটা বের করে আনা,’’ বলেন পুজারা।
ইংল্যান্ড সিরিজে বিরাট, রাহুল, শামি, অশ্বিনরা না থাকায় সুযোগ পেয়েছিলেন যশস্বী, সরফরাজ়, জুরেল, শুভমনরা। রোহিতের মন্তব্যে তাঁরা বিরক্ত হননি, বরং সেই কথাগুলো তাদের মনোবল বাড়িয়েছিল বলেই মত পুজারার।
রোহিত নিজেও পরে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘বাগানে ঘুরে বেড়ানো ছেলেদের সঙ্গে।’’ বোঝাতে চেয়েছিলেন, তা নিছক রসিকতা ছিল। পুজারার ব্যাখ্যা সেই সত্যিকেই সামনে আনল—একজন অধিনায়কের শাসনের মধ্যেও কতটা স্নেহ, অভিজ্ঞতা ও নেতৃত্বের ছাপ লুকিয়ে থাকে।







