এইবার নিজের দেশেই আক্রমণ করলো পাকিস্তান! সোমবার রাতে পাকিস্তান বায়ুসেনার হামলায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে খাইবার পাখতুনখোয়া অঞ্চল। সীমান্ত পেরোলেই আফগানিস্তান, তারও ঠিক পাশে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। এই এলাকা বরাবরই অশান্তির আঁতুড়ঘর। সোমবার গভীর রাতে পাকিস্তানি বায়ুসেনার নিক্ষিপ্ত একের পর এক প্রাণঘাতী বোমা মুহূর্তে গ্রাস করল দারা গ্রামের ঘরবাড়ি। হামলায় অন্তত ৩০ জন নিহত, যাদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে।
প্রশ্ন উঠছে হঠাৎ কেনো এই হামলা কেন? খাইবার পাখতুনখোয়া বরাবরই তালিবানদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। সীমান্তের এই অনিশ্চয়তার জন্য, সন্ত্রাস দমন অভিযানের নামে বহুবার ঝাঁপিয়ে পড়েছে সেনা। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আগেই জানিয়েছিল, এসব অভিযানে সাধারণ মানুষই বারবার বলি হচ্ছে। কিন্তু সোমবারের ভয়াল রাত যেন ছাপিয়ে গেল অতীতের সব আতঙ্ক। এখনও পর্যন্ত ইসলামাবাদ সরকার এই হামলা নিয়ে একটিও শব্দ খরচ করেনি। অথচ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে—একটি গোটা গ্রাম আগুনে ভস্মীভূত, কেবল ছড়িয়ে ছিটিয়ে থাকা দগ্ধ দেহ যেন সাক্ষ্য দিচ্ছে সেই রাতের নৃশংসতার।






