অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! লিঙ্গ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় নিজের গোপনাঙ্গে শিকল বেঁধে ফেললেন থাইল্যান্ডের এক যুবক। ফলে চরম যন্ত্রণায় শেষমেশ তাঁকে ছুটতে হলো হাসপাতালে।
ঘটনাটি থাইল্যান্ডের ইসান প্রদেশের বুরিরম এলাকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৬ অক্টোবর ওই যুবককে ভর্তি করা হয় সাটুয়েক হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দেখেন, রোগীর পুরুষাঙ্গে দুটি শিকল শক্ত করে বাঁধা—একটি প্লাস্টিকের, অন্যটি স্টেইনলেস স্টিলের। এর জেরে গোপনাঙ্গ মারাত্মক ফুলে হাতের মুঠির আকার ধারণ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ ‘ওয়াং ক্রুড ফাউন্ডেশন’-এর উদ্ধারকারী দলকে খবর দেন, কারণ ওই শিকল কাটার মতো সরঞ্জাম তাঁদের কাছে ছিল না। উদ্ধারকারীরা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে মাত্র ১০ মিনিটে শিকল দুটি খুলে ফেলতে সক্ষম হন।
চিকিৎসক নারং জানান, “রোগীর অবস্থা দেখে আমরা স্তম্ভিত। সামান্য দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”
কিন্তু আরও অবাক করার মতো বিষয় হলো ওই যুবকের বক্তব্য। তাঁর দাবি, তাঁর পুরুষাঙ্গ ‘অস্বাভাবিক রকম বড়’, তাই এলাকার এক স্বাস্থ্য স্বেচ্ছাসেবী সেটি চুরি করার চেষ্টা করেছিলেন! এজন্যই তিনি লোহার শিকল বেঁধেছিলেন। এমনকি দাবি করেন, তাঁর জন্য ৬৯ মিলিমিটারের ‘এক্সট্রা লার্জ কনডম’ প্রয়োজন হয়।
চিকিৎসকদের ধারণা, তিনি মানসিক বিকারে ভুগছেন বা কোনও নেশার প্রভাবে ছিলেন। বর্তমানে তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা চলছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই থাইল্যান্ড জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসক থেকে সাধারণ মানুষ—সকলেই হতবাক এক যুবকের এমন অদ্ভুত ‘স্ব-রক্ষার’ কাণ্ডে।







