কুরবানির ঈদের পবিত্র দিনে ঘটে গেল রক্তঝরানো ঘটনা। হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো ছুরি চালিয়ে দিলেন এক প্রতিবেশী যুবক। গুরুতর আহত ওই বৃদ্ধ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, জখম বৃদ্ধের নাম জলেল সেখ (৬৫)। স্থানীয় সূত্র জানায়, প্রায় ছ’মাস আগে জলেল সেখের বাড়িতে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে অভিযুক্ত বাবুল আলির (৩০) সঙ্গে বিবাদ বাঁধে। সেই পুরনো শত্রুতার জেরে আজকের ঈদের দিনে সেই রাগের প্রতিশোধ নিল বাবুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালীন দ্বিতীয় সিজদার সময় বৃদ্ধের পাশেই বসা বাবুল আচমকাই ছুরি চালিয়ে দেন তাঁর গলায়। মুহূর্তেই মসজিদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত মুসল্লিরা বাবুলকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। তবে ঘটনার পর বাবুলের পরিবারের অন্যান্য সদস্যরা গা ঢাকা দিয়েছে।
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একই সঙ্গে চলছে তার পরিবারের সদস্যদের খোঁজ। জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবির দাবি, “আমার স্বামীকে ঠান্ডা মাথায় খুনের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ও তার পরিবারের কঠোর শাস্তি চাই।”
পবিত্র ঈদের দিনে এমন নারকীয় ঘটনায় স্তব্ধ গোটা মারাডাঙ্গি। ধর্মস্থানে এমন হামলা ঘিরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।







