রাজ্য

রাজধানীর বাতাসে ‘বিষ’, AQI ৪৫০ ছাড়াল—পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাসের নির্দেশ দিল্লি সরকারের

দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ আকার নিয়েছে। সোমবার রাজধানীর বায়ুগুণমান সূচক (AQI) ৪৫০-এর গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে শহর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পঞ্চম শ্রেণি পর্যন্ত দিল্লির সমস্ত স্কুলে অনলাইনে পঠনপাঠন চালুর নির্দেশ দিয়েছে রেখা গুপ্তার নেতৃত্বাধীন দিল্লি সরকার। তবে ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে আপাতত ‘হাইব্রিড’ পদ্ধতিতে, অর্থাৎ অনলাইন ও অফলাইন—দু’ভাবেই ক্লাস চলবে বলে জানানো হয়েছে।

দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসে দূষিত কণার মাত্রা দ্রুত বাড়তে শুরু করে। ঠান্ডা পড়তেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘন ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে শহর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। বিশেষ করে শিশু ও প্রবীণদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বহু মানুষ চোখ জ্বালা, শ্বাসকষ্ট ও লাগাতার কাশির সমস্যায় ভুগছেন।

দূষণ কমাতে প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সম্প্রতি ‘ক্লাউড সিডিং’-এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। তিন দফা ট্রায়ালে প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হলেও প্রত্যাশিত বৃষ্টি হয়নি। ফলে দূষণ কমার বদলে আরও বেড়েছে বলে অভিযোগ। পাশাপাশি জল স্প্রে ও রাস্তায় ধুলো নিয়ন্ত্রণের কাজও চালানো হচ্ছে, তবে তাতেও আশানুরূপ ফল মিলছে না।

প্রাক্তন আইপিএস অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি সম্প্রতি দিল্লির বর্তমান পরিস্থিতিকে কোভিড অতিমারির সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, দীর্ঘদিন এভাবে দূষণ চলতে থাকলে তা জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই অবস্থায় শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে স্কুলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.