ঘন কুয়াশা যেন ফের মৃত্যুর ফাঁদ পেতেছিল উত্তরপ্রদেশে। মঙ্গলবার ভোরে দিল্লি-আগরা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। পরপর ধাক্কায় জড়িয়ে পড়ে অন্তত ১০টি গাড়ি—যার মধ্যে ছিল সাতটি বাস ও তিনটি ছোট গাড়ি। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
মঙ্গলবার সকালে দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার ঘন আস্তরণ ছিল। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে, রাস্তায় দশ ফুট দূরের কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পুলিশ সূত্রের প্রাথমিক অনুমান, এই কম দৃশ্যমানতার কারণেই দ্রুতগতির যানবাহন একে অপরকে দেখতে না পেয়ে পরপর ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই কয়েকটি বাস ও গাড়িতে আগুন ধরে যায়। ভেতরে আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আগুন নেভানোর চেষ্টা চালান তাঁরা এবং দ্রুত খবর দেন পুলিশ ও দমকল বিভাগে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।
স্থানীয় থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করেন। আহত অন্তত ২৫ জনকে মথুরা ও সংলগ্ন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার জানান, মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কি না, তা এখনও তদন্তাধীন।
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই নয়ডার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতেও ঘন কুয়াশার জেরে একই ধরনের বহু গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বারবার এমন দুর্ঘটনা প্রশ্ন তুলছে শীতের মরসুমে এক্সপ্রেসওয়েগুলিতে যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার যথার্থতা নিয়ে।







