মঙ্গলবার রাতে কৃষি ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে কৃষি ভবনে ধর্না অবস্থান শুরু হতেই তৃণমূলের প্রতিনিধি দলের সমস্ত নেতাকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও।এরপর দিল্লি পুলিশ সোজা তাঁদের নিয়ে চলে যান পুলিশ লাইনে।
সেখানেই পদ্ম শিবিরের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন অভিষেক।অভিষেক বলেন, “মন্ত্রী আমাদের সকালের জায়গায় সন্ধ্যাবেলা সময় দিয়েছিলেন। সেই কারণে আমার কর্মসূচি পিছিয়ে ১০টার জায়গায় ১২টায় শুরু করেছিলাম। মিটিং শুরু করেছিলাম ১টায়।”জানা যায়, এদিন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তারা সন্ধ্যা ৬টার সময় কৃষি ভবনে পৌঁছালে তাদের একটি কনফারেন্স হলে বসতে বলা হয়। তারপর যাদের লিস্টে নাম ছিল শুধু তাঁদের নাম দেখে লিস্ট অনুযায়ী কৃষি ভবনে প্রবেশ করানো হয়,এরপর তারা অনেক্ষণ বসেছিলেন। যতক্ষণে তৃনমুলের সাংসদরা দাবি নিয়ে মন্ত্রীর কাছে যান ততক্ষণে উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “প্রায় তিন ঘণ্টা ধরে আমাদের অপেক্ষা করিয়ে নানা টালবাহানা করিয়ে উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। আমাদের প্রতিনিধি দলকে দিল্লি পুলিশের অফিসার, আধাসামরিক বাহিনীর জওয়ান সবাই মিলে আটকে দেয়। আমরা সেখানেই বসে যাই। শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম। হঠাত্ করে আমাদের উপর বলপ্রয়োগ করে তুলে দেওয়া হয়। আমাদের মহিলাদেরও ছাড়া হয়নি, ভুক্তভোগী সদস্যদেরও ছাড়া হয়নি। টেনে-হিঁচড়ে আমাদের যেভাবে নিগ্রহ করা হয়েছে তা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে দিনটি কালিমালিপ্ত হয়ে থাকল।”







