ট্রেন দুর্ঘটনা বর্তমানে দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইচ্ছে করে অনেকেই ট্রেনের লাইনে পাথর রাখেন, আবার কোথাও ট্রেনকে উদ্দেশ্য করে পাথর ছোড়েন। তাই বলে গুলি?
ঠিক এমনটাই ঘটলো ওড়িশার ভদ্রকের চারাম্পা স্টেশনের কাছে। চলন্ত ট্রেনকে উদ্দেশ্য করে চালানো হলো গুলি। রেল সূত্রের খবর, গুলি চলেছে পুরী গামী নন্দন কানন এক্সপ্রেসে। তবে আপাতত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন ৯.২৫ মিনিটে পুরী গামী নন্দন কানন এক্সপ্রেস ভদ্রক স্টেশন ছাড়ার পর গুলি চলার ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
সূত্রের তথ্য অনুযায়ী এক অপরিচিত ব্যাক্তি ট্রেনের উদ্দেশ্যে গুলিটি চালায়। ঘটনাটির পরে যাত্রীদের কথা মাথায় রেখে বাড়তি পাহারায় ট্রেনটিকে চারাম্পা স্টেশন থেকে পুরী পর্যন্ত নিয়ে যান রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সদস্যরা। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।







