দোরগোড়ায় লোকসভা নির্বাচন। এহেন অবস্থায় অভ্যন্তরীণ পর্যালোচনায় সক্রিয়তা রাজ্যের শাসক দলের। একদিকে শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হল একের পর এক নেতাদের দুর্নীতিতে নাম প্রকাশ্যে আসা। এবার এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের মতোই ভাবনা ধরে লোকসভার ঘুঁটি সাজাতে তৎপর তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে আবার তৃণমূল সূত্রে খবর, কোচবিহার জেলায় ২২টি, আলিপুরদুয়ার জেলায় ৮টি, জলপাইগুড়ি জেলায় ১৭টি, দার্জিলিংয়ে ৯টি, উত্তর দিনাজপুর জেলায় ১৪টি, দক্ষিণ দিনাজপুরে ১২টি, মালদা জেলায় ১৭টি সম্মিলনীর আয়োজন করা হবে। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলায় ৩৯টি, দক্ষিণের জেলা গুলির মধ্যে বীরভূম জেলায় ২৮টি, নদিয়া জেলায় ৩৩টি, পূর্ব বর্ধমান জেলায় ২৯টি, পশ্চিম বর্ধমান জেলায় ১৮টি, পুরুলিয়া জেলায় ২৩টি, ঝাড়গ্রাম জেলায় ৮টি, বাঁকুড়া জেলায় ২৬টি, উত্তর ২৪ পরগনা জেলায় ৮২টি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫২টি, হাওড়া জেলায় ১৬টি, হুগলি জেলায় ৩১টি, পূর্ব মেদিনীপুর জেলায় ৩৩টি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০টি বিজয়া সম্মিলনী করা হবে। লক্ষ্য জনসংযোগ।
দলের এক শীর্ষ নেতার মন্তব্য, আইপ্যাকের কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে ঘুরে ঘুরে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করেছেন। এক্ষেত্রে দেখা হচ্ছে সাংসদদের জনসংযোগ, কাজে স্বচ্ছতা, এমপি ল্যাডের টাকায় উন্নয়ন, সংসদের ভিতরে এবং বাইরে তাঁদের পারফর্মেন্স,সাংগঠনিক কাজকর্মে অংশগ্রহণ এবং সামগ্রিকভাবে নিজের লোকসভা ক্ষেত্রের মানুষের কাছে সংশ্লিষ্ট সাংসদের গ্রহণযোগ্যতা।







