বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। রোগী পরিষেবা নিয়ে খোঁজখবর নেন তিনি। ‘রাতেও সিনিয়র ডাক্তারদের হাসপাতালে থাকা জরুরি’, আজ ফের বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকএম হাসপাতালের এক অনুষ্ঠানে আবারও হাসপাতালের পরিকাঠামো প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেন তিনি।
চিংড়িহাটার ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘রাজ্য সরকার চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে। আহতদের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। বিনামূল্যে প্রত্যেকের চিকিৎসা হবে।’ এদিন মমতার ঘোষণা, গুরুতর জখম ২ জনকে ১ লক্ষ টাকা করে ও আহত বাকি ৫ জনকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে।
অপরক্ষেত্রে, এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের পরিষেবা নিয়েও খুশি নন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রোগী এলে ভর্তি প্রক্রিয়াতেই সময় কেটে যাচ্ছে। আগে তাঁকে পরিষেবা দেওয়া দরকার। মমতার উবাচ, ‘আমি দেখলাম, প্রক্রিয়াতেই অনেক সময় লেগে যাচ্ছে। ট্রমা সেন্টারে তো এটা হওয়ার কথা নয়। পিজি হাসপাতাল নিয়ে আমরা গর্ব করি। এখানে এটা হওয়া উচিত নয়।’ ভাল পরিষেবা প্রদানের জন্য হাসপাতালের আরও অধিক কর্মী নিয়োগ প্রয়োজন বলেই পরামর্শ তাঁর।







