পঞ্চায়েতের সঙ্গে পুরভোটেরও তোরজোর তুঙ্গে! পঞ্চায়েতে নির্বাচনের সঙ্গেই সেরে ফেলা হবে হাওড়া, বালি-সহ ৭ পুরসভার ভোটও। এমনই ইঙ্গিত দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অর্থাৎ তেইশের শুরুতেই রাজ্যের একাধিক পুরসভার নির্বাচনও সেরে ফেলতে চায় রাজ্য সরকার। ফিরহাদের উবাচ, ‘সারা বছর ধরে নির্বাচন চলতে থাকলে কাজে সমস্যা হয়। কাজ বাকি পড়ে যায়। তাই পঞ্চায়েত ভোটের সঙ্গেই পুরভোট সেরে ফেলতে চায় রাজ্য। হাওড়া, বালি-সহ অন্তত ৭টি পুরসভায় ভোট একইসঙ্গে হতে পারে।’
১৩ অগাস্ট মেয়াদ শেষ হয়েছে ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর পুরসভার। মেয়াদ শেষ হয়েছে দুর্গাপুর, নলহাটি, কুপার্স ক্যাম্প পুরসভারও। বাকি রয়েছে শুধু বালি ও হাওড়া পুরসভার নির্বাচন। মে মাসে মেয়াদ শেষ হয় কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি, কার্শিয়ং পুরসভার।
প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই জানিয়ে দিয়েছিলেন আগামী বছরের প্রারম্ভেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। সেইমতো রাজ্য নির্বাচন কমিশন ভোটপ্রক্রিয়া শুরু করার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। পুজোর পর থেকেই রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করেছে।







