রাজনীতি

৬ অক্টোবরের উপনির্বাচনে বামেদের প্রার্থী ঘোষণা, রেজিনগরে আসাদ আলি, নন্দীগ্রামে শান্তিগোপাল

আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই প্রার্থী ঘোষণা করল বামেরা। মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে সিপিএমের হয়ে লড়বেন আইনজীবী সৈয়দ আসাদ আলি। অন্যদিকে, নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে CPI-এর শান্তিগোপাল গিরিকে। প্রথমে মনে করা হয়েছিল, কংগ্রেসের সঙ্গে জোট করেই উপনির্বাচনে লড়বে বামেরা। কিন্তু শেষ পর্যন্ত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মতোই এবারও পৃথকভাবে লড়াইয়ের পথ বেছে নিল বাম-কংগ্রেস।

সৈয়দ আসাদ আলির রাজনৈতিক সফরও বেশ ঘটনাবহুল। একসময় তিনি সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলা পরিষদের সদস্যও ছিলেন। রাজ্যে পালাবদলের পর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। যদিও তৃণমূলে তাঁর রাজনৈতিক অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। এরপর কংগ্রেসে যোগ দেন আসাদ আলি। পরে আবার সিপিএমে ফিরে আসেন। সেই ‘ঘরওয়াপসি’র পর এবার রেজিনগর কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করেছে দল।

অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি এবার বিশেষ নজরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দু’জায়গাতেই জয় পান। পরে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। ফলে তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রেই এবার উপনির্বাচন হতে চলেছে।

নন্দীগ্রাম ঐতিহাসিকভাবে CPI-এর শক্ত ঘাঁটি এবং বামেদের আসন সমঝোতায় এই কেন্দ্রটি সাধারণত CPI-এর জন্যই রাখা হয়। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই রীতি ভেঙে সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল। সেই নির্বাচনে নন্দীগ্রাম পরিণত হয়েছিল রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্রে। মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর। তাঁদের বিরুদ্ধে তুলনামূলকভাবে নবাগত মীনাক্ষীও জোরদার লড়াই দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পরাজিত হন তিনি।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে CPI-এর হয়ে লড়েছিলেন শান্তিগোপাল গিরি। এবার উপনির্বাচনেও ফের তাঁকেই প্রার্থী করেছে বামেরা। ফলে নন্দীগ্রামে এবারও লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.