কলকাতা: পুজোর মুখে সুরাপ্রেমীদের জন্য এল বড় দুঃসংবাদ। আগামী ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে মদের দাম। সূত্রের খবর, দেশি মদ, বিদেশি মদ এবং বিয়ার—তিন ধরনের মদের ক্ষেত্রেই দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে উৎসবের মরশুমে মদ কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হতে পারে ক্রেতাদের।
যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে নির্দিষ্টভাবে কোন ব্র্যান্ডের দাম কত বাড়বে, সেই সংক্রান্ত কোনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি West Bengal State Beverages Corporation Limited (BEVCO)-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হবে।
সূত্রের খবর, ব্র্যান্ড ও মদের ধরন অনুযায়ী দাম বৃদ্ধির হার আলাদা হতে পারে। তুলনামূলকভাবে বিয়ারের দাম কম বাড়ার সম্ভাবনা থাকলেও দামি বিদেশি মদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ বেশি হতে পারে। তবে ঠিক কত টাকা দাম বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।
পুজোর আগে এই দাম বৃদ্ধির কারণ হিসেবে রাজ্যের রাজস্ব বাড়ানোর প্রয়োজনীয়তাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের কোষাগারে ঘাটতি এবং বিপুল ঋণের বোঝার মধ্যে মদ বিক্রি থেকে আসা রাজস্ব সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস।
এরই মধ্যে পুজোর সময় অষ্টমীর দিন ড্রাই ডে রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। ওই দিন মদের দোকানের পাশাপাশি বারেও মদ বিক্রি বন্ধ থাকবে। ফলে পুজোর মরশুমে একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে ড্রাই ডে—দুই সিদ্ধান্তই সুরাপ্রেমীদের উপর বাড়তি প্রভাব ফেলতে চলেছে।







