বলিউড সুপারস্টার আমির খান কি এবার ফিল্মি কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন? ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ‘মহাভারত’ প্রজেক্ট ঘিরে এমনই জল্পনা ছড়িয়েছিল বিনোদন জগতে। বিগত আট বছর ধরে হিট সিনেমার অভাবে যখন আমির অনুরাগীরা হতাশ, তখনই এই অবসরের গুঞ্জন তাঁদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা নিজেই মুখ খুললেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্পষ্ট জানিয়েছেন, “মহাভারত আমার শেষ প্রজেক্ট নয়।” তিনি ব্যাখ্যা করেন যে, তাঁর একটি মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনো সিনেমা আছে কিনা যা করার পর তাঁর মনে হতে পারে যে, এবার কেরিয়ারকে বিদায় জানালেও হবে। এর উত্তরে তিনি শক্তিশালী চিত্রনাট্যের কথা বলতে গিয়ে ‘মহাভারত’-এর উদাহরণ দিয়েছিলেন। আর তাতেই মানুষ ভেবে নিয়েছে, ‘মহাভারত’ই তাঁর শেষ ছবি হতে চলেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে আমির খান তাঁর বহুদিনের স্বপ্ন ‘মহাভারত’কে সিনেপর্দায় আনার কথা আবারও নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে।” তিনি নিজেও কোনো চরিত্রে অভিনয় করতে পারেন কিনা, তা নিয়েও ভাবছেন। অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ ও কর্ণ- এই দুই চরিত্রে তিনি দ্বিধায় ছিলেন। অমিতাভ বচ্চন, হৃতিক রোশন এবং ঐশ্বর্য রাই বচ্চনের মতো তারকাদের কাস্টিং নিয়েও গুঞ্জন ছিল, তবে বর্তমানে তিনি কাস্টিং নিয়ে কিছু খোলসা করেননি।
প্রায় দেড় দশক ধরে আমির এই মহাকাব্যকে বড়পর্দায় আনার পরিকল্পনা করছেন। ইতিহাস বা পুরাণভিত্তিক সিনেমা নিয়ে বিতর্কের ভয় এবং লাগাতার ফ্লপের কারণেই হয়তো তিনি এতদিনে এই প্রজেক্টে হাত দেননি। তবে এবার যে তিনি ‘মহাভারত’ নিয়ে মরিয়া, তা তাঁর কথায় স্পষ্ট। এখন দেখার বিষয়, এই মহাকাব্য আমিরের কেরিয়ারের মোড় ঘোরাতে পারে কিনা।







