দক্ষিণবঙ্গের প্রখর গরমে নাজেহাল পরিস্থিতির মাঝেই অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, আর তার সঙ্গেই বদলের ইঙ্গিত। আজ বিকেলের পর থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সারাদিনই মেঘ-রোদের লুকোচুরির মধ্যে কাটবে দিন। তবে এই পরিবর্তন ক্ষণস্থায়ী। শনিবার পর্যন্ত বৃষ্টির রেশ থাকলেও, তারপরই ফের বাড়তে পারে গরমের দাপট। বিশেষ করে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপমাত্রা দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।







