দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার উদ্যোগে আজ থেকে সর্তকতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। মাতলা নদীতে লঞ্চে করে প্রচার চালিয়ে মৎস্যজীবীদের মাঝ সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ ও আগামী দু’দিন সমুদ্রে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া কুলতলির কৈখালী ঘাটে ফেরি পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সুন্দরবনে পর্যটকদের নদীপথে বেড়াতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল থেকেই আকাশ মেঘলা এবং অমাবস্যার কোটালের কারণে নদীতে জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নদীপথে জলস্ফীতি ও প্রবল স্রোতের কারণে ছোট নৌকা বা লঞ্চ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
প্রশাসন জানিয়েছে, মৎস্যজীবীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং পর্যটকদেরও অনুরোধ করা হচ্ছে যাতে কেউ অনধিকারভাবে নদীতে না নামেন। এলাকার প্রতিটি নদীঘাটে নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
এই সতর্কতা প্রচার আগামী কয়েক দিন চালু থাকবে বলে জানা গেছে। প্রশাসন সব মহলের সহযোগিতা কামনা করছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং সবাই নিরাপদে থাকেন।







