দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এক নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এবার সেই বিতর্কে নাম জড়াল বিজেপির আইটি সেল প্রধান ও বাংলার সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। মৃত নাবালিকার পরিচয় প্রকাশ করার অভিযোগে তাঁকে শোকজ নোটিস পাঠাল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন।
কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানান, অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডলে ওই নাবালিকার ছবি পোস্ট করেন। যদিও ছবিটি ব্লার করা ছিল, তবুও তাতে মেয়েটির পরিচয় স্পষ্ট বোঝা যাচ্ছে। যা সরাসরি জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৭৪ নম্বর ধারার লঙ্ঘন।
কয়েকদিন আগে ক্যানিংয়ের বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। বিষয়টি নিয়ে অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, “ওই কিশোরীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। বাংলায় মেয়েরা নিরাপদ নন।” এর সঙ্গে একটি ব্লার করা ছবিও জুড়ে দেন তিনি।
এদিকে, বারুইপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তে যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি। নাবালিকার মৃত্যুর কারণ বিষক্রিয়া বলেই প্রাথমিক রিপোর্ট। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যারা মেয়েটির ছবি পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
তবে বিরোধী নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতেই চেয়ারপার্সনের সাফাই, “আমরা রাজনৈতিক রং না দেখে কাজ করি। সন্দেশখালি হোক বা দমদমে শিশু ব্যবহারের ঘটনা—সবক্ষেত্রেই পদক্ষেপ করেছি। এবারও কমিশন স্বতঃপ্রণোদিতভাবে এই নোটিস পাঠিয়েছে।”
এখন নজর রয়েছে, এই শোকজের কী জবাব দেন বিজেপি নেতা অমিত মালব্য।







