খেলাধুলা

‘স্টুপিড’ থেকে ‘স্ট্র্যাটেজিক’— ঋষভ পন্থের বদলে যাওয়া ইনিংসে মুগ্ধ গাওস্কর

পদে পদে বিতর্ক আর সাহসী ব্যাটিং—ঋষভ পন্থ মানেই চমক। কিন্তু লিডস টেস্টের প্রথম দিন এক অন্য পন্থকে দেখল ক্রিকেটবিশ্ব। দায়িত্বশীল, পরিণত, ধৈর্যশীল। আর তাই তো একসময় যাঁর কড়া সমালোচক ছিলেন, সেই সুনীল গাওস্করও এবার বাহবা দিতে বাধ্য হলেন। আগের ‘স্টুপিড’ মন্তব্য ভুলে গিয়ে এবার বললেন, পন্থের ব্যাটিং পরিণত, কৌশলনির্ভর এবং অত্যন্ত প্রভাবশালী।

এক সময় গাওস্কর পন্থের একটি শট দেখে রাগে-ক্ষোভে সংবাদমাধ্যমে বলেছিলেন, “স্টুপিড, স্টুপিড, স্টুপিড!” সেই উক্তি ঘিরে বিজ্ঞাপনও তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার পন্থ যে ইনিংস খেলেছেন, তা সম্পূর্ণ উল্টো। শুরুতে নিজেকে সময় দিয়েছেন, শর্ট বল সামলেছেন পরিণত কৌশলে, আর পরে ছন্দে এসে বড় শট নিয়েছেন সঠিক সময়ে। গাওস্করের মতে, পন্থ এখন জানেন কখন আক্রমণ করতে হয়, আর কখন নিজেকে সংযত রাখতে হয়।

পন্থের শট নির্বাচন, জোরে বোলারদের বিরুদ্ধে ধৈর্য দেখানো এবং সঠিক সময়ে আগ্রাসী হওয়া—সবকিছুই গাওস্করের নজর কেড়েছে। তিনি বলেন, “ওর প্রতিভা বরাবরই ছিল, কিন্তু এবার ও বুঝে গেছে কখন কীভাবে খেলতে হয়। ওর হাতে অনেক সময় থাকে, সেটাই ও কাজে লাগাচ্ছে।”

অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা—বিপক্ষের কঠিন কন্ডিশনে শতরান করা ব্যাটার ঋষভ পন্থ। এবার ইংল্যান্ডেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। এই ইনিংস যেন পন্থের ক্রিকেট জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা—স্টাইল নয়, এবার স্ট্র্যাটেজিতেই বাজিমাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.