জেলা

‘ঘাটালে শ্যুটিং নয়, বাস্তবের লড়াই’—বন্যা পরিস্থিতিতে কেন্দ্রকে কড়া বার্তা দেবের, কটাক্ষের জবাবে তোপ

টানা বর্ষণে ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বহু এলাকা জলমগ্ন। লক্ষাধিক মানুষ কার্যত জলবন্দি। আর এই পরিস্থিতিতেই ফের চর্চায় ঘাটাল মাস্টারপ্ল্যান। সোশ্যাল মিডিয়ায় সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। ‘পাগলু’ বলে কটাক্ষ করে লেখেন, “আর কতবার মিথ্যে প্রতিশ্রুতি দেবেন? সিনেমা আর বাস্তব এক নয়, মানুষ এখন আপনাকে ঢপবাজ বলছে।”

রবিবার তারই জবাবে পালটা সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ খুললেন সাংসদ দেব। তাঁর সাফ জবাব—ঘাটাল মাস্টারপ্ল্যান বারবার লোকসভায় তোলা সত্ত্বেও কেন্দ্র কোনও পদক্ষেপ নেয়নি। তিনি লেখেন, “গত ১০ বছর ধরে ঘাটালের স্বার্থে লোকসভায় একাধিকবার দাবি জানিয়েছি। বহুবার চিঠি দিয়েছি। কিন্তু কেন্দ্রীয় সরকার নীরব থেকেছে। ২০২৪ সালে রাজ্য সরকারই প্রকল্পের এক-তৃতীয়াংশ (৫০০ কোটি) বরাদ্দ করে, কাজ শুরু হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে।”

দেব জানান, এই মাস্টারপ্ল্যানে রয়েছে ৭৮ কিমি ও ৫২ কিমি নদীপথ ড্রেজিং, নতুন খাল, বাঁধ, ব্রিজ, কৃত্রিম নদী তৈরি এবং জমি অধিগ্রহণের মতো গুরুত্বপূর্ণ পর্ব, যা সম্পূর্ণ হতে সময় লাগবে অন্তত ৪-৫ বছর।

তিনি লেখেন, “বন্যার সময় স্বাভাবিকভাবেই মানুষ জনপ্রতিনিধিদের উপরেই ক্ষুব্ধ হন। তবে বাস্তব হল—কাজ আটকে ছিল কেন্দ্রীয় অসহযোগিতায়। এবার শুরু হয়েছে, কিছুটা ধৈর্য দরকার।”

শেষে দেব আশ্বাস দেন, “সরকার ও প্রশাসন এই দুর্যোগে সবসময় আপনাদের পাশে আছে, থাকবে।” রাজনৈতিক চাপানউতোরের মাঝেই ঘাটালবাসীর প্রশ্ন—কবে মিলবে প্রকৃত মুক্তি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.