বিদেশ

মার্কিন হামলার ২৪ ঘণ্টার মধ্যেই সিরিয়ায় বিধ্বংসী জবাব ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে যেন আগুন ঢেলেছে ইরান-আমেরিকা সংঘর্ষ। রবিবার ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে মার্কিন সামরিক হামলার পর, সোমবারই পাল্টা প্রত্যাঘাত! তেহরানের নির্দেশে সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে চালানো হল বিধ্বংসী হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই উঠে এসেছে।

হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে গোটা ঘটনার রাজনৈতিক বার্তা স্পষ্ট—ইরান চুপ করে বসে থাকবে না। আমেরিকার আগ্রাসনের জবাব এবার সরাসরি যুদ্ধের ভাষাতেই দিচ্ছে তেহরান।

রবিবারের হামলার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মুখোমুখি সংঘাতে জড়াল আমেরিকা ও ইরান। দুই দেশই একে অপরের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে, ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মস্কোর বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানায়, “ইরানের উপর মার্কিন হামলা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই ধরনের পদক্ষেপ গোটা বিশ্বে অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে।”

ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় রয়েছে বলে অভিযোগ উঠেছে আমেরিকার গোয়েন্দা রিপোর্টে। যদিও তার কোনও দৃশ্যমান প্রমাণ মেলেনি। তবুও, ইরান-ইজরায়েল উত্তেজনার আবহে এবার সরাসরি তেহরানের পরমাণু কেন্দ্রেই আঘাত হানল ওয়াশিংটন।

বিশেষজ্ঞদের মতে, এই সংঘর্ষের নেপথ্যে কেবল পারমাণবিক প্রশ্ন নয়—মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের লড়াইও রয়েছে। বহু দশক ধরে ইরানে মোল্লাতন্ত্রের শাসন। নেতৃত্বে সর্বময় ক্ষমতার অধিকারী আয়াতোল্লাহ আলি খামেনেই। সেই কাঠামো ভেঙে দিয়ে ইরানকে ‘গণতন্ত্র’ বা অন্তত ‘রাজতন্ত্র’-এর দিকে ঠেলে দিতে চায় আমেরিকা, এমনটাই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের।

এই মুহূর্তে যুদ্ধের মেঘে আচ্ছন্ন পারস্য উপসাগরীয় অঞ্চল। গোটা বিশ্বের চোখ এখন তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। ইতিহাস কি আবারও রক্তাক্ত হতে চলেছে? উত্তর খুঁজছে বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.