অনুপ্রবেশকারী যোগী আদিত্যনাথ ! বিস্ফোরক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তার কথায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসলে উত্তরাখণ্ডের। অখিলেশের দাবী, উত্তরাখন্ডেই ফেরত পাঠিয়ে দেওয়া হোক তাকে।
রবিবার , রাম মনোহর লোহিয়ার মৃত্যুবার্ষিকীতে যোগ দিয়ে অখিলেশ মন্তব্য করেন যে , মিথ্যা তথ্য দিয়েছে বিজেপি। তিনি বলেন , “যদি বিজেপির তথ্যে বিশ্বাস করে, তাহলে তারা হেরে যাবে। আমাদের উত্তর প্রদেশেও অনুপ্রবেশকারী রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই উত্তরাখণ্ডের। আমরা চাই তাঁকে উত্তরাখণ্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। উনি শুধু অনুপ্রবেশকারীই নন, তিনি চিন্তাধারার দিক থেকেও অনুপ্রবেশকারী।”
তিনি আরো বলেন , “উনি (যোগী আদিত্যনাথ) বিজেপির সদস্য ছিলেন না, অন্য দলের সদস্য ছিলেন। তাহলে কবে এই অনুপ্রবেশকারীকে বের করা হবে?”
উল্লেখ্য , সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন , “এই দেশে হিন্দুদের সংখ্য়া কমার নেপথ্যে ধর্মান্তরের কোনও বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্য়া বৃদ্ধির কারণ আবার বাড়ন্ত জন্মহার নয়। বরং, বিরাট সংখ্যায় অনুপ্রবেশ। জনসংখ্যার এই বৈষম্য ১৯৫১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতিটি জনগণনায় ধরা পড়েছে। কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে, সব শেষে তাঁদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে।” এবার সেই মন্তব্যের প্রসঙ্গ টেনেই যোগী আদিত্যনাথকে উত্তরাখণ্ডে পাঠিয়ে দেওয়ার আর্জি অখিলেশ যাদবের।







