এতদিন বারংবার বাংলায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি । কিন্তু এবার বিজেপির রাজ্যেই উঠলো দুর্নীতির অভিযোগ ! প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতেও ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠলো । অভিযোগের ভিত্তিতে রাজ্যের এক মন্ত্রীর দুই পুত্রকে গ্রেফতার করা হয়েছে ।
গুজরাতের পঞ্চায়েত প্রতিমন্ত্রী বচুভাই খাবড়ের দুই ছেলে বলবন্ত খাবড় এবং কিরণ খাবড়ের বিরুদ্ধে গত এপ্রিল মাসে এফআইআর দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে । দুর্নীতি মামলায় মন্ত্রীর দুই পুত্র গত বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন । জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার কিছু ক্ষণ পরেই ফের কিরণ গ্রেফতার হন । এবার রবিবার আবার একশো দিনের কাজ সংক্রান্ত আরেকটি মামলায় গ্রেফতার করা হলো বলবন্তকেও।
এবিষয়ে ডেপুটি পুলিশ সুপার জগদীশসিন ভান্ডারি বলেন, দাহোদ থানায় অভিযোগ দায়ের করা হয় বলবন্তের বিরুদ্ধে । তার বিরুদ্ধে অভিযোগ, একশো দিনের প্রকল্পেরও আওতায় সরকারের কাছ থেকে বলবন্তের সরকার পেয়েছিল ৩৩.৮৯ লাখ টাকা। কিন্তু বলবন্তের সংস্থা কাজের যে বরাত পেয়েছিল, তা তারা করেইনি।
বলবন্ত এবং কিরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এপ্রিল মাসে । তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ৭১ কোটি টাকার দুর্নীতি করেছেন তারা । এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গত ১৬ মে গ্রেফতার করে । এই মামলায় বৃহস্পতিবার জামিন পান তারা । তারপর জেল থেকে ছাড়া মিললেও কিছুক্ষণ পরেই আবার গ্রেফতার হন কিরণ। এবার রবিবার গ্রেফতার করা হলো বলবন্তকেও। বলবন্তের মতো কিরণের সংস্থার বিরুদ্ধেও লক্ষ লক্ষ টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগ উঠেছে ।







