এক সময় যিনি ছিলেন ব্রাজিলের ভরসার প্রতীক, সেই নেমার জুনিয়রের ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে। চোট, ক্লাব বদল এবং আন্তর্জাতিক বিরতির মধ্যে দাঁড়িয়ে তাঁর আগামী বিশ্বকাপ যাত্রা আদৌ সম্ভব কি না, তা নিয়েই চলছে জল্পনা। তবে এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি। তাঁর মতে, সময় এখনও আছে, আর যদি নেমার সঠিকভাবে প্রস্তুত হন, তবে তিনিই হতে পারেন ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের প্রধান সেনানায়ক।
আনচেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেমার তাঁর দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন—তবে শর্ত একটাই, শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোনও ঘাটতি থাকা চলবে না। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি নেমার বিশ্বকাপে দলের মূল অস্ত্র হতে পারে। ওর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। এখন ওকে নিজেকে তৈরি করতে হবে।”
চোটের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে নেমার। সেই সময় উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান তিনি। এরপর সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে তিনি ফিরে যান ব্রাজিলের ক্লাব স্যান্টোসে, যেখানে ২০২৫ সালের শেষ পর্যন্ত খেলার চুক্তি করেছেন।
তবে সেপ্টেম্বরেই ফিরতে পারেন তিনি। ব্রাজিলের সামনে তখন চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ। যদি তিনি নিজেকে প্রমাণ করতে পারেন, তবে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা দেশের সর্বোচ্চ গোলদাতাকে আবার দেখা যেতে পারে আমেরিকার মাটিতে বিশ্বকাপ মঞ্চে, ব্রাজিলের জার্সিতে।







