মালদা জেলার লক্ষ্মীপুরে তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ খুনের ঘটনায় বড়সড় অগ্রগতি। ইংরেজবাজার থানার পুলিশ এই ঘটনায় মাইনুল শেখ-সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। এখনও পলাতক সাইদুল শেখ, ইমারত শেখ ও শহীদ শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি কারবার ঘিরেই পুরনো বিবাদ চলছিল। সেই রেষেই আবুল কালাম আজাদকে ঘরে আটকে রেখে নৃশংসভাবে খুন করা হয়। হামলায় গুরুতর জখম হন আবুল কালামের স্ত্রী শিউলি খাতুন-সহ আরও তিনজন।
উল্লেখযোগ্যভাবে, মূল অভিযুক্ত মাইনুল শেখ প্রথমে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত ভোটে জিতলেও পরে তৃণমূলে যোগ দিয়েছিল। গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে আজ আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্তে উঠে আসছে রাজনৈতিক প্রতিহিংসার দিকটিও, বলছে পুলিশ।







