বর্তমানে টলিউডের উজ্জ্বল নাম ইধিকা পাল। ছোটোপর্দা থেকে বড়োপর্দা দুই মঞ্চেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৯ সালে ‘আরব্য রজনী’ ধারাবাহিক দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করে ইধিকা নজর কেড়েছিলেন দর্শকের। এরপর ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে সাফল্য পান তিনি। বড়োপর্দায় দেবের বিপরীতে ‘খাদান’ ও বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে তুমুল প্রশংসা পান।
এবার সেই ইধিকাই ফিরছেন ছোটোপর্দায় এক বিশেষ ভূমিকায়। জি বাংলার মহালয়া অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখা যাবে তাঁকে। চ্যানেলের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, সূত্রের খবর অনুযায়ী প্রস্তাবে সায় দিয়েছেন ইধিকা। খুব শিগগিরই শুরু হবে শুটিং। ‘পিলু’-র পর জি বাংলায় এটাই হতে চলেছে তাঁর প্রত্যাবর্তন। ইধিকার সঙ্গে দেবীর অন্যান্য রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডলের মতো জনপ্রিয় মুখদের। যদিও দুর্গা রূপে শিব চরিত্রে কে থাকছেন, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রয়েছে। অভিষেক বসুর নাম উঠে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের মহালয়ায় জি বাংলায় দুর্গা রূপে দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে এবার অভিনেত্রী ব্যস্ত থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন। কৌশানী মুখোপাধ্যায়ের নাম ভাবা হলেও শেষ পর্যন্ত ইধিকাই নির্বাচিত হন। অন্যদিকে, স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে থাকবেন কোয়েল মল্লিক, সঙ্গে ‘মহাদেব’ হবেন ইন্দ্রজিৎ বসু। এখন দেখার, টিভি পর্দায় প্রথমবার দুর্গা রূপে দর্শকের মন জয় করতে পারেন কি না ইধিকা পাল।







