বীরভূম: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বীরভূমের এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ‘কর্মশ্রী’ প্রকল্পে এবার পরিযায়ী শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলায় ফিরে আসার জন্য যাতায়াত খরচ বহন করবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার ছেলেমেয়েরা বাইরে গিয়ে নিগৃহীত হচ্ছে। কেউ যেন অপমানিত না হয়, সেই জন্যই উদ্যোগ নিচ্ছে সরকার। কর্মশ্রীতে এবার কাজ পাবেন পরিযায়ী শ্রমিকরাও। জব কার্ড থাকলেই তারা এই প্রকল্পে যুক্ত হতে পারবেন।”
রাজ্যে কর্মসংস্থানের পরিধি বাড়াতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে চালু হয় ‘কর্মশ্রী’ প্রকল্প। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেন গত বছরের রাজ্য বাজেটে। কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের ছায়া ফেলে ‘কর্মশ্রী’ প্রকল্পে বছরে অন্তত ৫০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গতবার ৫৮ দিনের কাজ দিতে পেরেছিলাম, এবছরও সেই লক্ষ্য পূরণ করব।”
এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। জব কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, মুখ্যমন্ত্রী আরও বলেন, “পরিযায়ী শ্রমিকদের ছেলে-মেয়েদের স্কুলে ভর্তিরও ব্যবস্থা করবে রাজ্য সরকার।”
‘কর্মশ্রী’ প্রকল্পে শুধু কাজ নয়, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং কর্মতীর্থগুলিতে বিনামূল্যে দোকানও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “সরকারি কাজ দ্রুত সম্পন্ন করা, বেকার যুবকদের স্বনির্ভর করে তোলা ও শ্রমিকদের মর্যাদা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।”
বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের উপর নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।







